টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির সরাসরি সমাধান এবং তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো ‘প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি’ আয়োজন করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করেন।
গণশুনানিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। এতে বিদেশে অবস্থানরত ১১ জন প্রবাসী সরাসরি অংশ নিয়ে জমিজমা বিরোধ, অর্থ আত্মসাৎ, পারিবারিক জটিলতা, চাঁদাবাজি ও মিথ্যা মামলাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অভিযোগ শোনার পরপরই জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব বিষয়ে তদন্ত প্রয়োজন, সেগুলোতে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “প্রবাসীরা অকুতোভয় যোদ্ধার মতো পরিবার থেকে দূরে থেকে দেশের জন্য রেমিট্যান্স পাঠান। তাঁদের পাঠানো অর্থেই দেশের অর্ধেকের বেশি আমদানি ব্যয় মেটানো হয়। তাঁদের এই ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই আমরা এই গণশুনানির আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি খাত—গার্মেন্টস, প্রবাসী আয় ও কৃষির ওপর নির্ভরশীল। বিশ্বের প্রায় ১৬৫টি দেশে বসবাসরত দেড় কোটির মতো প্রবাসী বাংলাদেশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।”
গণশুনানিতে কাতারপ্রবাসী রাঙ্গুনিয়ার রানা সুশীল আত্মসাতকৃত অর্থ উদ্ধারের আবেদন জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট থানা ও উপজেলা প্রশাসনকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
জাহিদুল ইসলাম বলেন, “প্রবাসে কঠোর পরিশ্রমের পরও অনেক প্রবাসী পরিবার ও সম্পত্তি–সংক্রান্ত সমস্যার কারণে মানসিক অস্থিরতায় ভোগেন। এসব সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, প্রবাসীদের লিখিত অভিযোগ আগেই সংগ্রহ করে মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। “শুধু অভিযোগ শোনা নয়, দ্রুত সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, “প্রযুক্তির কল্যাণে প্রবাসীরা দূরে থেকেও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন। আমরা তাঁদের জানাতে চাই—তাঁরা দূরে নন, আমরা তাঁদের পাশেই আছি।”
প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে প্রতি বুধবার নিয়মিত গণশুনানির পাশাপাশি প্রাথমিকভাবে এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযোগগুলোর বেশিরভাগই জমি দখল, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা ও চাঁদাবাজি সংক্রান্ত। অনেক প্রবাসী দেশে থাকা সম্পত্তি দখল ও হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
ওমানপ্রবাসী নুর মোহাম্মদ সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। কাতারপ্রবাসী মোহাম্মদ আনোয়ার নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কথা জানান। সৌদি আরব, দুবাই ও আবুধাবিপ্রবাসী আরও কয়েকজন একই ধরনের অভিযোগ তুলে ধরেন।
এসব অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। 
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাপ্তাহিক গণশুনানিতে অনেক মানবিক আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয় এবং জরুরি ক্ষেত্রে আর্থিক সহায়তাও দেওয়া হয়। অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয় এবং অগ্রগতি সম্পর্কে আবেদনকারীদের অবহিত করা হয়।
এই উদ্যোগের ফলে জেলা প্রশাসনের গণশুনানিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গণশুনানিতে উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো: রাসেল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

1

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যু

2

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

7

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

8

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

9

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্য

12

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

13

মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে সিকদার বাপ্পির গভীর শ

14

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

15

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

16

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

17

কেন্দ্রীয় সঠিক সিদ্ধান্তে যুবদলের ঐতিহ্য ও গৌরব আরও বৃদ্ধি প

18

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20